দীর্ঘদিনের অভিমান ও দূরত্বের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় দুই অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’ দিয়ে জুটি বাঁধছেন তাঁরা। ইতোমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে।প্রায় তিন বছর আগে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। ‘জানেমান তুই আমার’ নাটক মুক্তির পর সেটির প্রচার না করায় নাম প্রকাশ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান।
তখন জোভানের অভিযোগ ছিল, নাটকটি মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো প্রচারমূলক তৎপরতা দেখা যায়নি। অথচ ওটিটিতে করা কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছিলেন তিনি। ওটিটিতে কাজ করার কারণে ফারিণ নাটককে অবজ্ঞা করছেন বলেও মন্তব্য করেছিলেন জোভান।
তবে জোভানের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছিলেন ফারিণ। তাঁর বক্তব্য ছিল, নাটক দিয়েই অভিনয়জীবন শুরু করেছেন তিনি। তাই নাটককে কখনো ছোট করে দেখার প্রশ্নই আসে না।
সেই সময় দুজনের মধ্যে বাদানুবাদ খুব বেশি দূর না গড়ালেও এরপর থেকে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে সেই দূরত্ব ঘুচতে যাচ্ছে। সম্প্রতি শুটিং সেট থেকে জোভান ও ফারিণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন কাজের খবর জানিয়েছেন নির্মাতা।
দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন ফারিণ
শুধু জোভানের সঙ্গে জুটি বেঁধেই নয়, ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন তাসনিয়া ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় কাজ শুরু করার পর টেলিভিশন নাটকে তাঁকে তুলনামূলক কম দেখা গেছে।সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন ফারিণ। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর কিছুটা আড়ালে ছিলেন এই অভিনেত্রী।
চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।সব মিলিয়ে ‘প্রাণ সখিয়া’ দিয়ে একদিকে যেমন জোভান-ফারিণের পুরোনো জুটি ফিরছে, অন্যদিকে ছোটপর্দায় ফারিণের প্রত্যাবর্তন নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন