ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায়। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সশরীরে আদালতে উপস্থিত হয়েছেন তিনি। এদিন মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির কার্যক্রম চলছে। শুনানিতে পরীমনির পক্ষে অংশ নিচ্ছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এ মামলা থেকে পরীমনি ন্যায়বিচার পাবেন বলে তারা আশাবাদী।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।মামলার তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন।
অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও ঘটনার সময় সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।এ ছাড়া অভিযোগপত্রে আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখার এবং নিজের গাড়ি মাদক বহনে ব্যবহারের অভিযোগ আনা হয়।
এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটির অভিযোগ গঠন নিয়ে নতুন করে শুনানির প্রক্রিয়া শুরু হয়। ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আবারও আদালতে হাজির হতে হলো এই চিত্রনায়িকাকে। এখন শুনানিতে আদালতের সিদ্ধান্ত কী আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন