কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে ১৮ মাস ও ৬ মাস বয়সী দুটি শিশুও রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ৬ মাস বয়সী শিশুকন্যা মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি তিনজন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় গাছ থাকায় চালকদের পক্ষে ট্রেন আসার বিষয়টি সহজে বুঝতে পারা সম্ভব হয় না।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন