টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে কি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়? দীপাবলি উদ্যাপনের সময় দেবের সঙ্গে সোহিনীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে দেবের আগামী ছবি ‘টনিক ২’-তে সোহিনীকে দেখা যেতে পারে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘দেশু ৭’। ছবির প্রচারের ব্যস্ততা শেষ করে মুক্তির কয়েক দিন পর নরওয়ে ভ্রমণে যান অভিনেতা। সেখানে মেরুজ্যোতির মনোমুগ্ধকর দৃশ্যের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। দেশে ফিরে ছবিটির বিশেষ প্রদর্শনীতেও অংশ নেন।সেই অনুষ্ঠানে নিজের পরবর্তী কাজের পরিকল্পনা নিয়েও কথা বলেন দেব। জানান, তার আগামী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের প্রস্তুতি চলছে। বরাবরের মতো এবারও প্রচারে থাকবে নানা চমক। এরপরই ‘টনিক ২’ ছবির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
এরই মধ্যে দীপাবলি উদ্যাপনে দেবের সঙ্গে সোহিনী গুহ রায়ের উপস্থিতি নতুন জল্পনার জন্ম দিয়েছে। একসঙ্গে বাজি পোড়ানোর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সোহিনী। ছবিটি সামনে আসতেই প্রশ্ন ওঠে, তাহলে কি ‘টনিক ২’-তে দেবের বিপরীতে দেখা যাবে তাকে?
সম্প্রতি ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন সোহিনী। ছবিটি ইতিমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপন এবং নতুন ছবিতে একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী জানান, তারা একসঙ্গে উৎসব উদ্যাপন করেছেন এবং সেই মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। তবে এর মানে এই নয় যে তারা কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন।
যদিও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি অভিনেত্রী। তার ভাষ্য, একসঙ্গে কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। দেবকে সবার পছন্দের তারকা উল্লেখ করে সোহিনী বলেন, তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে তিনি ভীষণ উচ্ছ্বসিত হবেন।সোহিনীর এমন মন্তব্যের পর ‘টনিক ২’ ঘিরে আলোচনা আরও বেড়েছে। তবে দেব কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন