র্যাম্পের মঞ্চ থেকে অভিনয়জগৎ, এরপর অসুস্থতার কারণে দীর্ঘ বিরতি—নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি। গত ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি। এবার তার সামনে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার নতুন চ্যালেঞ্জ।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তার।
নাম বদলেই নতুন পরিচয়
জন্মের সময় মা-বাবার দেওয়া নাম ছিল ফারজানা ইয়াসমিন কলি। তবে শোবিজে নিজের পরিচিতি গড়ে তোলার সময় ২০১৪ সালে নাম পরিবর্তন করে রাখেন সামিরা খান মাহি। এরপর এই নামেই পরিচিতি পান তিনি। র্যাম্পের মঞ্চে শুরু হওয়া তার সেই যাত্রা ধীরে ধীরে পৌঁছে যায় অভিনয় ও সৌন্দর্য প্রতিযোগিতার জগতে।
মডেলিং দিয়ে শুরু পথচলা
২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন মাহি। এই অর্জনের মধ্য দিয়ে মডেল হিসেবে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে র্যাম্প শো, ফ্যাশন শো, বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে কাজ করে বিনোদনজগতে নিজের অবস্থান তৈরি করেন।
অসুস্থতায় তিন বছরের বিরতি
ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর কাজ থেকে দূরে থাকতে হয় তাকে। দীর্ঘ এই বিরতি পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করলেও হাল ছাড়েননি মাহি। সুস্থ হয়ে নতুন উদ্যমে কাজে ফেরেন এবং আবারও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা শুরু করেন।
অভিনয়ে এক যুগের পথচলা
প্রথম দিকে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না তার। তবে করোনা মহামারির সময় অভিনয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। প্রয়োজনীয় প্রস্তুতি ও শেখার পর ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। মাত্র ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা ১২০টির বেশি।
তবে শুধু কাজের সংখ্যা বাড়ানো নয়, চরিত্রের বৈচিত্র্য নিয়েও ভাবছেন এই অভিনেত্রী। গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করতে চান তিনি।
এবার বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার পালা
দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতার পর এবার সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্য পেলেন মাহি। গত ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট গ্রহণ করেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার কাছ থেকে।
দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীদের প্রতিনিধিত্ব করারও সুযোগ পাচ্ছেন।
এই নতুন যাত্রায় বাবা-মায়ের উৎসাহ ও ভালোবাসা তার বড় অনুপ্রেরণা। মেয়েকে বিশ্বমঞ্চে পাঠানোর আগে তাদের প্রত্যাশা, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন