ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়ে নতুন বিতর্কে জড়ান চিত্রনায়িকা পরীমনি। আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সেখানে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরীমনির আচরণের সমালোচনা করেন অনেকে। এবার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, রাগ বা ক্ষোভের বশে কাউকে প্রকাশ্যে গালমন্দ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এমন আচরণ একজন শিল্পীর পাশাপাশি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
রিনা খান বলেন, রাগের মাথায় অনেকেই হয়তো গালাগালি করে বসেন। কিন্তু এমন আচরণ করা উচিত নয়। কারণ, গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। একইভাবে তাদের সুনাম কিংবা দুর্নামও গণমাধ্যমের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছায়। তাই শিল্পীদের এমন কোনো কথা বলা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর এসে পড়ে।পরীমনির ঘটনার সমালোচনা করে তিনি আরও বলেন, হাজার হাজার মানুষের সামনে কেন একজন শিল্পী খারাপ ভাষায় কথা বলবেন? এমন আচরণ শুধু একজন শিল্পীর জন্য নয়, বরং পুরো শিল্পীসমাজের জন্য কলঙ্কজনক। ঘটনাটি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন বলেও জানান।
রিনা খানের পরামর্শ, কোনো শিল্পীর কারও প্রতি ক্ষোভ বা অভিযোগ থাকলে তা প্রকাশ্যে গালাগালি না করে ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে বলা উচিত। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর পাশাপাশি শিল্পীদের মর্যাদাও বজায় থাকবে।তার বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও শিল্পীদের সংযত আচরণ করা প্রয়োজন। কারণ, একজন শিল্পীর ব্যক্তিগত ব্যবহার অনেক সময় পুরো অঙ্গনের ভাবমূর্তির সঙ্গে জড়িয়ে যায়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন