ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।
অপুর বক্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে ব্যঙ্গাত্মক ভাষায় অপুকে কটাক্ষ করেন তিনি। পোস্টে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
এরপর অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ উল্লেখ করে পরীমনি আরও লেখেন, ‘এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না।’ একই পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেন এই অভিনেত্রী।
পরীমনির এমন মন্তব্যের পর এবার পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন অপু। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্যে ব্র্যান্ড প্রমোশন নিয়ে শুরু হওয়া আলোচনা এখন ব্যক্তিগত কটাক্ষের বিতর্কে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেটিজেনদের আলোচনা অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন