রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সামরিক অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে অন্যায্য বলে মন্তব্য করেছে মিয়ানমার।
বুধবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানায় দেশটির সরকার।
মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, ১৫ জন বিচারকের সবাই রায়ের সঙ্গে একমত ছিলেন না। ৯-৬ ভোটে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। তাই এটি সর্বসম্মত নয় এবং মিয়ানমারের মতে, ন্যায়সংগতও নয়।
২০১৭ সালের আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা চালায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মি—আরসা। হামলার দায় স্বীকারের পর ওই মাসের মাঝামাঝি রোহিঙ্গাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।
সেনাবাহিনীর সহিংসতা থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। এ ছাড়া ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াতেও কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন