দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। গেল জুনে সামাজিকমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে তিনি জানান, তার পরবর্তী সিনেমার নাম ‘লিম্বো’। আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। পোস্টার ও সিনেমার নামের রহস্যময় আবহে মহাকাশ অভিযানের ইঙ্গিত থাকায় ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয় কৌতূহল। তবে সিনেমাটিতে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এতদিন মুখ খোলেননি নির্মাতা।অবশেষে অভিনেতা শরিফুল রাজের জন্মদিনে সেই রহস্যের কিছুটা উন্মোচন করলেন তানিম রহমান অংশু। সামাজিকমাধ্যম ফেসবুকে রাজকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে সিনেমাটিতে তার যুক্ত থাকার ইঙ্গিত দেন নির্মাতা।
পোস্টে অংশু লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা “লিম্বো”। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে। এবার সার্ফিং হবে আকাশে, চল!’নির্মাতার এই পোস্টের পর ‘লিম্বো’ সিনেমায় শরিফুল রাজের অংশগ্রহণের বিষয়টি সামনে আসে। পোস্টের ভাষা ও সিনেমার আগের পোস্টারের আবহ মিলিয়ে ধারণা করা হচ্ছে, ছবিটিতে মহাকাশ কিংবা কল্পবিজ্ঞানের জগতের কোনো গল্প তুলে ধরা হতে পারে। তবে সিনেমার গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে ‘লিম্বো’র প্রথম পোস্টার প্রকাশ করে সিনেমাটির রহস্যময় গল্পের ইঙ্গিত দিয়েছিলেন অংশু। তখন তিনি লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’
পোস্টারের সঙ্গে নির্মাতার ওই বক্তব্য সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে বাংলা সিনেমায় মহাকাশভিত্তিক গল্পের সম্ভাবনা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
এদিকে শরিফুল রাজকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এতে অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে।‘লিম্বো’র পাশাপাশি রাজের হাতে রয়েছে আরও একটি সিনেমা। নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের পরিচালনায় ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এ ছবিতেও তার বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।
সব মিলিয়ে ‘লিম্বো’তে শরিফুল রাজের যুক্ত হওয়ার খবর সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়েছে। তবে ছবিটির অন্যান্য অভিনয়শিল্পী, নির্মাণ পরিকল্পনা ও মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন