গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা ধ্বংস অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এবার ধ্বংসযজ্ঞ চালাতে নতুন কৌশল ব্যবহার করছে দেশটির সেনাবাহিনী। চার পাখার ড্রোন দিয়ে বিস্ফোরকভর্তি বাক্স বাড়ির ছাদে কিংবা আশপাশে ফেলে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে লক্ষ্যবস্তু ভবনের পাশাপাশি আশপাশের স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত প্রায় এক সপ্তাহ ধরে গাজার বিভিন্ন এলাকায় এ পদ্ধতিতে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ড্রোনের মাধ্যমে কয়েক কেজি বিস্ফোরকভর্তি বাক্স নির্দিষ্ট ভবনের ছাদে বা আশপাশে ফেলে পরে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন ও তুফফাহ, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাংশ এবং বুরেইজ শরণার্থীশিবিরে এসব হামলা বেশি হচ্ছে। বিশেষ করে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার কাছাকাছি এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।ফিলিস্তিনি অধিকারকর্মীদের ধারণ করা ভিডিওতেও ড্রোন থেকে বিস্ফোরকভর্তি বাক্স ফেলার দৃশ্য দেখা গেছে। পরে বিস্ফোরণে ভবন ধসে পড়ার পাশাপাশি আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আবারও বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
ইসরাইলের এই কৌশলে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ধ্বংসের আশঙ্কায় অনেক ফিলিস্তিনি আবারও নিজেদের বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জেইতুন এলাকার কয়েক ডজন বাসিন্দা বাড়িঘর উড়িয়ে দেওয়ার ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
গত কয়েক দিনে হামলার তীব্রতা আরও বেড়েছে। সোমবার সকালে বুরেইজ ও নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরে সালাহউদ্দিন সড়কের ওয়াদি গাজা সেতুর কাছে ড্রোন থেকে ফেলা বিস্ফোরক বাক্সে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে অন্তত সাতবার বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
আগেও ব্যবহার হয়েছে একই কৌশল
গাজার বিভিন্ন এলাকায় এর আগেও বিস্ফোরকভর্তি বাক্স ব্যবহার করে ভবন ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। গত ১০ নভেম্বর মধ্য গাজার মাগাজি শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলে দুটি খালি বাড়ি এভাবে উড়িয়ে দেওয়া হয়। দক্ষিণ গাজার খান ইউনিসে দারুস সালাম হাসপাতালের আশপাশে চার দফা বিস্ফোরণ ঘটানো হয়। গত ১৪ নভেম্বর জেইতুনের পূর্বাংশেও একই ধরনের হামলার ঘটনা ঘটে।২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ বন্ধ হয়নি। বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ভবনের ভেতরে ও আশপাশে বিস্ফোরক স্থাপন এবং ভারী সামরিক বুলডোজার ব্যবহার করে আবাসিক এলাকা ধ্বংসের অভিযোগ রয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম মাসেও গাজার কিছু এলাকায় বেসামরিক মানুষের প্রবেশে বিধিনিষেধ ছিল। একই সঙ্গে আবাসিক ভবন ধ্বংসে বিস্ফোরক ব্যবহারের খবর পাওয়া গেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন