আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬
৭:০১ অপরাহ্ণ

রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৭:০১ 229 shares
রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত—আইসিজে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে চালানো সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে এই রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনই নির্ধারণ করেননি আদালত। বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার দেওয়া এই রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

আদালতের বিচারকদের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। রায়ে বলা হয়েছে, মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ক্ষতির যথাযথ প্রতিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আইসিজে প্রেসিডেন্ট আরও জানান, রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্তদের অধিকার পুনরুদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার বিস্তারিত তুলে ধরতে হবে।

এই রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের দীর্ঘ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর ঠিক কী ঘটেছিল?

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর ২০১৭ সালের আগস্টে শুরু হয় ব্যাপক সামরিক অভিযান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ।

জাতিসংঘের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওই সময় মিয়ানমারের সেনারা শত শত রোহিঙ্গা গ্রামে অগ্নিসংযোগ, নির্বিচারে হত্যাকাণ্ড এবং নারী ও কিশোরীদের ওপর ধর্ষণ ও গণধর্ষণের মতো ভয়াবহ নির্যাতন চালায়। তদন্তকারীরা এসব যৌন সহিংসতাকে গণহত্যার উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন।

তবে এসব অপরাধের বিচারে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ ছিল সীমিত। ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনায় সাত সেনাসদস্যকে কারাদণ্ড দেওয়া হলেও এক বছরের কম সময়ের মধ্যে তাদের মুক্তি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের শিকড় আরও গভীরে। ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকার বাইরে রাখা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করলেও তাদের অনেককে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছেন রোহিঙ্গারা।

এদিকে, ২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের অভিযোগ, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও উঠেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে নতুন করে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।

তাদের বেশির ভাগেরই আশ্রয় কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতে। খাদ্য, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে এসব মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সহায়তা কমে যাওয়ায় শিবিরগুলোতে সংকট আরও তীব্র হয়েছে। অনেক শরণার্থী কম খাদ্য সহায়তা পাচ্ছেন, বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাও সতর্ক করেছে, নতুন করে আসা রোহিঙ্গাদের অনেকেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

সব মিলিয়ে আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদ ভবিষ্যতের দাবিতে নতুন গুরুত্ব তৈরি করেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—আদালতের নির্দেশ বাস্তবে কতটা কার্যকর করবে মিয়ানমার? আর কবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা?

রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের এই রায় বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।


সূত্র: এএফপি, বিবিসি ও আল জাজিরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭