অধিকৃত পশ্চিম তীরে দায়িত্ব পালনকালে এক ফিলিস্তিনি ফটোসাংবাদিককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। আহত সাংবাদিকের নাম সুলেইমান আবু সারুর। তিনি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার ফটোসাংবাদিক হিসেবে কর্মরত।
ওয়াফার বরাতে জানা গেছে, পশ্চিম তীরে চলমান দমন-পীড়নের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আবু সারুর। জেরিকোর আল-দুয়ুক এলাকায় দায়িত্ব পালনকালে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হন ওই সাংবাদিক। তাঁর শরীরের একাধিক স্থানে হাড় ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ওয়াফা প্রকাশিত ছবিতে আবু সারুরের মুখ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় দেখা গেছে। বিশেষ করে তাঁর বাম চোখের চারপাশে গুরুতর আঘাতের চিহ্ন স্পষ্ট।
পশ্চিম তীরে সংবাদ সংগ্রহের সময় একজন ফটোসাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগ নতুন করে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন