রোহিঙ্গাদের ওপর ভয়াবহ হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও নির্যাতনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে বহুল আলোচিত গণহত্যা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত—আইসিজে। আদালতের বিচারকদের প্রাথমিক বক্তব্যে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, নারী ও শিশুদের ওপর চালিয়েছে ব্যাপক সহিংসতা। তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনে গণহত্যা হিসেবে প্রমাণিত হয়েছে কি না, তা নির্ধারণ করছেন আদালত।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে ১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার রায় পড়া শুরু করে।
আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে আদালতে উল্লেখ করা হয়।
তবে এসব কর্মকাণ্ড গণহত্যা সনদের আওতায় পড়ে কি না, সেই আইনি প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে এই মামলার রায়ে।
২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থা—ওআইসির ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালিয়ে গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।
ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের অনেকেই হত্যা, ধর্ষণ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও ওই সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের উপস্থিতির কথা উল্লেখ করেছিল।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে ২০১৭ সালের এক জরিপে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, সবচেয়ে রক্ষণশীল হিসাবেও ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুও ছিল শত শত।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশও এই বিচারপ্রক্রিয়ায় অংশ নেয়।
বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের বিচারপ্রক্রিয়া ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ তৈরি করবে।
এই রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, আন্তর্জাতিক মানবাধিকার ও গণহত্যার বিচারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আইনি পরিণতি কী দাঁড়ায়, আন্তর্জাতিক আদালতের রায়ে কী উঠে আসে—এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন