বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমার ব্যবহার ছাড়াই ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সংঘাত চলছে। এই অঘোষিত লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অবস্থানও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে নয়াদিল্লি। পাশাপাশি চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদারের উদ্যোগ ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সামরিক বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের অজ্ঞাত একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। রাজনৈতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় থাকা হাসিনার সাবেক সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ সীমিত বলে জানা গেছে।তবে ভারতে অবস্থান করলেও দেশে ফেরার আকাঙ্ক্ষা রয়েছে তার। হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তিনি বাংলাদেশে ফিরতে চান। সাম্প্রতিক সময়ে পাসপোর্ট নবায়ন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে তার তৎপরতার খবরও দেশে ফেরার আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। যদিও বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। কারণ, হাসিনাবিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটেছিল।
অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে আগ্রহী। তবে সরকারের চাওয়া, তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ফলে তাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের জন্য আরও সংবেদনশীল হয়ে উঠেছে।ভারতের সামনে এখন মূলত তিনটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে তার দেশে ফেরার ইচ্ছা এবং একই সঙ্গে তারেক রহমান সরকারের প্রত্যর্পণের দাবি—সবকিছু সামাল দিতে হচ্ছে নয়াদিল্লিকে।
জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও বিবেচনা করেছে নয়াদিল্লি। কিন্তু তাকে আশ্রয় দিতে আগ্রহী দেশ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।এ পরিস্থিতিতে বাংলাদেশের কাছেও একটি বার্তা পাঠিয়েছে ভারত। বার্তাটির মূল বক্তব্য, বাংলাদেশই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছিল, তাই এখন তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের। তবে হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না এমন নিশ্চয়তা দিয়ে তাকে দেশে ফেরানোর বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রভাবের প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছে নয়াদিল্লি।বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক যোগাযোগ বাড়ার বিষয়টি ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তানের একটি সামরিক প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সীমান্ত নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম এবং পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন নানা জটিলতার মধ্য দিয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সামরিক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করছে। এতে ভারতের কূটনৈতিক অবস্থানের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এই পরিস্থিতি সামাল দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে কঠিন কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠাচ্ছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন