সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য তাঁকে WhatsApp-এ বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোনও করেছিলেন তিনি। তবে কোনো বার্তার জবাব পাননি, এমনকি তাঁর ফোনকলও রিসিভ করেননি শেখ হাসিনা।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার WhatsApp নম্বরে একটি বার্তা পাঠান নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
তবে শেখ হাসিনা ওই বার্তা দেখেননি বলে উল্লেখ করা হয়েছে। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাঁকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করা হয়নি।
এদিকে, নাহিদের WhatsApp বার্তা ও ফোনকলের যে স্ক্রিনশট প্রকাশিত হয়েছে, সেটি আসল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবনে শুরুতে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন তিনি। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর একই আসন থেকে সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
এদিকে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য।
তাঁদের নামে ও বেনামে থাকা প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং বৈধ আয়ের বাইরে কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই করতে আইন অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন