রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এ আলোচনায় নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পাঁচটি দেশ ও জোটের প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ উদ্যোগে রাশিয়ার আনুষ্ঠানিক সম্মতি এখনো মেলেনি।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন ট্রাম্পের আরেক বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে তাঁরা আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং পরে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করেন।কুশনার জানান, পরবর্তী আলোচনায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করতে দুই পক্ষ সম্মত হয়েছে। এতে ভূখণ্ডগত বিরোধের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা করা যাবে।
জেলেনস্কি বলেন, যুদ্ধ ইউরোপের মাটিতে চলছে। তাই যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা দিতে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউরোপকে বাদ দিয়ে কোনো চুক্তি করা সম্ভব নয়।শুক্রবার ডাবলিনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে ইউরোপের প্রতিনিধিত্ব নিয়ে সিদ্ধান্ত হয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টারা ইইউ প্রতিনিধিদের সঙ্গে মিলে আলোচনায় অংশ নেবেন। প্রায় ৪০টি ইউরোপীয় দেশের নেতারা মনে করেন, মহাদেশের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে ইউরোপের অংশগ্রহণ থাকা জরুরি।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপীয় দেশগুলো শান্তি প্রক্রিয়ায় প্রকৃত অবদান রাখতে প্রস্তুত কি না, তা আগে নিশ্চিত হতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ইউক্রেন যুদ্ধের নির্দিষ্ট বিষয়গুলোর আগে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনার পক্ষে। অন্যদিকে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইউরোপের প্রতিনিধিত্ব কে করবে, তা নির্ধারণের অধিকার রাশিয়ার নেই।এদিকে আবুধাবির আলোচনায় কিছু অগ্রগতির কথা জানানো হলেও মূল বিরোধগুলো অমীমাংসিত রয়েছে।
বিশেষ করে দনবাসের যেসব এলাকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে, সেগুলো ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাবও নাকচ করেছেন পুতিন।ফলে ইউরোপের অংশগ্রহণে আলোচনার পরিধি বাড়লেও ভূখণ্ডগত বিরোধ ও যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতপার্থক্য দূর না হলে শান্তিচুক্তিতে পৌঁছানো কঠিন হতে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন