বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ। তবে এদিন আবেদনটির শুনানি হয়নি। আদালত আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও অভিনেত্রী উপস্থিত হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
আবেদনে বাদীপক্ষের যুক্তি, মামলার নির্ধারিত তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে হাজির হননি। এ ছাড়া মামলা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সানায়া। এসব কারণ দেখিয়েই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া আনাম। এরপর মামলা প্রত্যাহার করে নিতে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে দাবি বাদীর। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হলে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিকে নির্দেশ দেন।সানায়ার দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। ফলে মামলার অভিযোগ, হুমকি দেওয়ার দাবি এবং গ্রেফতারি পরোয়ানার আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন