ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ, শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে রাজনৈতিক বক্তব্য আর বেনাপোল সীমান্ত দিয়ে তার ফেরার গুঞ্জন—সব মিলিয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
রোববার ২২ নভেম্বর সকালে ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন।
গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে, অশোক কীর্তনীয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে মন্তব্য করেন।
এদিকে, শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।
বিজিবির কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার বেনাপোল দিয়ে দেশে ফেরার গুঞ্জনও এর অংশ বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন