বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬
৩:২৬ অপরাহ্ণ

ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৩:২৬ 211 shares
ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাতভর একের পর এক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।


এর কিছুক্ষণ পর রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে বাসে ওঠা দুই ব্যক্তি আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া মিরপুরের চিড়িয়াখানা রোডেও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বাসে আগুন দেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে কোতোয়ালি এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।


এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।

মোহাম্মদপুর এলাকায় তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেটে, ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে ডিসি কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বসিলায় এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।রাজধানীর আদাবরের শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের এক কোণে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায় পুলিশ। পরে সেটি ঘিরে রাখা হয়। মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা


এদিকে রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং গেঞ্জির পোড়া অংশ উদ্ধার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।


১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ৫৯ ককটেল বিস্ফোরণ

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৬০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতে রাতভর ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব