দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে উসকানিতে পড়ে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ না করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন দেওয়ার পথও বাধাগ্রস্ত হবে। তাই নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে কর্মস্থল রক্ষায় শ্রমিকদের এগিয়ে আসতে হবে।
বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি হামলা, সহিংসতা ও নৈরাজ্যের ঘটনার উল্লেখ করে তিনি কার্যক্রম নিষিদ্ধ দলের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, দেশে-বিদেশে অবস্থান করে একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন