নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ, বয়স ৪০ বছর এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, বয়স ৪৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিক্ষোভ করছিল। শোভাযাত্রাটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হন শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। পরে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তবে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন