বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

ডিসেম্বরজুড়ে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৪:৫৯ 201 shares
ডিসেম্বরজুড়ে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচির বিস্তারিত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে দলটি। পাশাপাশি আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যেসব ঘটনা ঘটছে, তা একটি নির্বাচিত সরকারের সময়ে কাম্য নয়। অনেকের কাছেই মনে হচ্ছে, দেশে কার্যকর কোনো সরকার নেই।প্রতিবেশী একটি দেশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ওই দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথমে অপরাধ করেছে। এখন তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠানোর কথা বলছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।


দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। গোপালগঞ্জ ও মাদারীপুর দেশেরই অংশ কি না, এমন প্রশ্নও পরিস্থিতির প্রেক্ষাপটে সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি।গোলাম পরওয়ার আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ।


প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা এখনো অবস্থান করছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তার ভাষ্য, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব