সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেত্রীর নাম শারমিন আক্তার রিতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, আন্দোলন-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।একই সঙ্গে বহিষ্কারের পর থেকে তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি কিংবা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন