মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে তার বাঁ হাত মারাত্মকভাবে জখম হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় হামলার শিকার হন হাসিব। এ সময় তার সঙ্গে অটোরিকশায় এক তরুণী ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিশ্চিত করেছেন, ওই তরুণী হাসিবের স্ত্রী।
ঘটনার পর আহত হাসিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস জানান, হামলার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরে আসবেন। তিনি ফিরে এলে থানায় মামলা করা এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
এদিকে হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনের সড়ক দিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব ও তার সঙ্গে থাকা তরুণী। এ সময় ভিডিও ধারণকারী এক ব্যক্তি তাকে উদ্দেশ করে গালাগাল করতে থাকেন।একপর্যায়ে অটোরিকশাটি থামলে ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান।
এরপর আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। হঠাৎ চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালান তিনি। হামলার মুখে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন হাসিব। এতে তার বাঁ হাতে গুরুতর আঘাত লাগে।পুলিশের প্রাথমিক তদন্তে হামলায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ও হামলার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে রিসোর্টটিতে উঠেছিলেন হাসিব। মঙ্গলবার তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি রিসোর্টের কর্মচারী জানান, মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে রিসোর্টের সামনে হামলার শিকার হন হাসিব। পরে তিনি রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখতে পান কর্তৃপক্ষের লোকজন। এরপর তার হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন