দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আরও সুসংগঠিত করতে বহিষ্কৃত নেতাকর্মীদের বিষয়ে নমনীয় অবস্থান নিচ্ছে বিএনপি। দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড কিংবা নির্বাচনী সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে পদ হারানো ও বহিষ্কৃত নেতাদের আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দলটির হাইকমান্ড।
বিএনপির এই উদ্যোগকে কেন্দ্র করে দলের বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে বহিষ্কৃত নেতাদের একটি অংশের মধ্যে দলে ফেরার আশা তৈরি হয়েছে, অন্যদিকে তৃণমূলের অনেক নেতাকর্মী সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তাদের আশঙ্কা, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃতদের সহজে ফিরিয়ে নিলে ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করার প্রবণতা বাড়তে পারে।
বিএনপির একাধিক নীতিনির্ধারকের ভাষ্য, বহিষ্কৃত নেতাদের অনেকেই অতীতে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। নিজ নিজ এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য জোরদার করতে অভিজ্ঞ এসব নেতাকে আবারও কাজে লাগাতে চায় হাইকমান্ড। তবে সবার জন্য একযোগে দলে ফেরার সুযোগ রাখা হচ্ছে না। ব্যক্তির পদমর্যাদা, অতীত অবদান, বহিষ্কারের কারণ এবং শৃঙ্খলাভঙ্গের মাত্রা বিবেচনায় নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দলীয় সূত্রের দাবি, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ও বিভিন্ন সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে সারা দেশে তিন হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর এবং সামনে সাংগঠনিক পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় নিয়ে বহিষ্কৃতদের অনেকে নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার জন্য লিখিত আবেদন করেন।সাম্প্রতিক সময়ে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের কয়েকটি জেলা ও উপজেলার বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদ এবং সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মনিরুল ইসলামের আবেদনের ভিত্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলীয় স্বপদে ফিরিয়ে আনা হয়েছে।
তৃণমূলে আনন্দের পাশাপাশি অসন্তোষ
মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নড়াইলে তার অনুসারী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা জেলা বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।তবে বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ সব জায়গায় ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। দলের দুর্দিনে মাঠে থাকা অনেক ত্যাগী নেতাকর্মী এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃতদের সহজে ফিরিয়ে নিলে দলের ভেতরে ভুল বার্তা যেতে পারে। এতে ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করার প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ওই ইউনিয়নের ৩১ জন নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় পর্যায়ে এ ঘটনা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের বিষয়টি সামনে এনেছে। দলীয় নেতাকর্মীদের একাংশের আশঙ্কা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই না হলে তৃণমূলে বিভক্তি তৈরি হতে পারে।
অন্যদিকে, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিদ্রোহী নেতাদের বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনো পুরোপুরি নমনীয় হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন