সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এ তথ্য জানান।
তাঁর দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে ধ্বংস করা হয়।
এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত জারি করে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। পরে কর্তৃপক্ষ জানায়, হামলার আশঙ্কা কেটে গেছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আবারও বেড়েছে। অতীতেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে হুথিদের বিরুদ্ধে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন