শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং মোবাইলসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে সচেতন করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক, ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।
প্রতিযোগিতায় ‘ক’ শাখায় উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী এবং ‘খ, গ ও ঘ’ শাখায় ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান অর্জন করে।‘খ’ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে। ‘গ’ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় হয়। অন্যদিকে ‘ঘ’ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাছমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান লাভ করে।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, মো. গোলাম রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন