ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। গোড়ালির গুরুতর চোটের কারণে চলতি সিরিজের শেষ টেস্টের পাশাপাশি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।চিকিৎসা পরীক্ষায় সাদমানের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাড়েও হালকা চিড় ধরা পড়েছে। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ওপেনারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করার সময় ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। চোট পাওয়ার পরপরই তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় তাকে।
পরীক্ষায় চোটের গুরুতর অবস্থা ধরা পড়ায় আপাতত মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই এই ওপেনারের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে তার খেলা হচ্ছে না। একই সঙ্গে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকেও বাদ পড়ছেন তিনি।আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে আগামী ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।এত অল্প সময়ের মধ্যে সাদমানের শতভাগ সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে গুরুত্বপূর্ণ এই সফরে অভিজ্ঞ ওপেনারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।এদিকে সাদমানের আকস্মিক ছিটকে যাওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের। ওপেনিং পজিশনে তার বিকল্প খুঁজতে শুরু করেছেন তারা। শূন্যস্থান পূরণে নতুন কোনো ওপেনারকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে অন্তর্ভুক্ত করার জোর প্রস্তুতি চলছে।সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এখন দেখার বিষয়, সাদমানের অনুপস্থিতিতে নির্বাচকেরা কাকে ওপেনিংয়ে সুযোগ দেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন