সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে তিন দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পথ তৈরি হয়েছে। চুক্তি অনুমোদনের পর এবার সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের বিষয়ে এগোতে চায় আঙ্কারা।
গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তির পক্ষে ভোট দেন ২৭৯ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ও তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) পাশাপাশি বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্যরাও প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।
গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরে অনুমোদনের জন্য গত মাসে এটি তুরস্কের পার্লামেন্টে পাঠানো হয়।
চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, অংশীদার তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এতে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে কোনো সদস্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা আক্রান্ত হলে অন্য দুই দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সহায়তা করবে।
১৬টি অনুচ্ছেদে গঠিত চুক্তিটির নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে কার্যকর হওয়ার প্রথম ১০ বছরের মধ্যে কোনো দেশ এটি থেকে বের হতে পারবে না। এরপর চুক্তি ছাড়তে চাইলে অন্তত তিন মাস আগে অন্য অংশীদারদের লিখিতভাবে জানাতে হবে।চুক্তি অনুমোদনের পর তুরস্কের পরবর্তী পরিকল্পনা সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে পার্লামেন্টের সম্মতি নেওয়া। ইয়েমেনের হুথি বাহিনীর হামলার মুখে সৌদি আরবকে সহায়তা দিতে দেশটিতে তুর্কি সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদি আরবে সেনা মোতায়েন করা হলে তা হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তুর্কি বাহিনী ইয়েমেনে কোনো সামরিক অভিযান পরিচালনা করবে না।তবে সেনা পাঠানোর আগে তিন দেশের মধ্যে ‘স্ট্যাটাস অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ (সোফা) নামে পৃথক চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। এতে বিদেশি সেনাদের আইনি অবস্থান, বিচারিক এখতিয়ার, প্রবেশ ও প্রস্থান, শুল্ক এবং করসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নির্ধারণ করা হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন