ইরানকে সহায়তা করার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং ভারতের এক দম্পতির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান সরকারকে সহায়তাকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নতুন এসব নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অর্থ জোগাতে ইরান যাতে তেল বিক্রি করতে না পারে, সেই সক্ষমতা দুর্বল করে দেওয়া।মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের এক দিন পর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা এল। ওই নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধ এবং এর প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ভোটারদের ক্ষোভ নির্বাচনে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের নেওয়া পদক্ষেপে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে দেশটির মুদ্রা রিয়ালের দর নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে।বুধবারের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা এবং তাঁর স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ। এ ছাড়া ওই দম্পতির দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে থাকা আরও দুই ভারতীয় নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৯টি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এই গোষ্ঠীকে একটি ‘বিস্তৃত অপরাধী চক্র’ হিসেবে আখ্যা দিয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চক্র নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকে ইরানি পেট্রোলিয়াম পরিবহণে সহায়তা করতে ভুয়া পতাকা ও নথিপত্র সরবরাহ করেছে। এসব জাহাজের মধ্যে ইরানের সামরিক বাহিনী এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর হয়ে পরিচালিত জাহাজও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া পতাকা ও সামুদ্রিক সনদ ব্যবহার করে এসব জাহাজ আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত বিধিনিষেধ এড়িয়ে অবৈধ কর্মকাণ্ড চালাতে পারে। জাহাজগুলোর কোনো ক্ষতিপূরণমূলক বিমাও থাকে না। ফলে অন্য দেশের জলসীমায় চলাচলের সময় দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।এদিকে, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির বিমান চলাচল খাতকে সহায়তা দেওয়ার অভিযোগে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, তেহরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখবে ওয়াশিংটন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা জানি আপনারা কোথায় আছেন। স্থলপথ, সমুদ্রপথ কিংবা আকাশপথে যারা ইরানি শাসনব্যবস্থাকে সহায়তা অব্যাহত রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।’অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রেট এরিকসনের মতে, বুধবারের নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে—নির্বাচনে বড় ধাক্কা খেলেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন