অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের মান ঠিক না থাকলে পাঠকের আগ্রহ তৈরি হবে না, একই সঙ্গে কমে যাবে পোর্টালের ভিউও। তাই মানসম্মত সংবাদ প্রকাশের পাশাপাশি দক্ষ ও উপযুক্ত সাংবাদিক সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনলাইন সংবাদমাধ্যমের মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সংবাদে মান ও গুণগত দিক ভালো না হলে পাঠক আগ্রহ নিয়ে নিউজ পোর্টালে আসবেন না। তাই প্রতিটি পোর্টালকে মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং সে অনুযায়ী সাংবাদিক নিয়োগ দিতে হবে।নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি একটি টোকেন ফি হিসেবে নেওয়া হয়। অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। পাঁচ হাজার টাকা খুব বড় কোনো অঙ্ক নয় বলেও মন্তব্য করেন তিনি।বৈঠকে অনলাইন গণমাধ্যমের মালিকদের উত্থাপিত প্রস্তাবগুলো লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। তার মতে, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে।
তিনি জানান, অনলাইন গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে। নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।বৈঠকে অনাবের নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতি বছর নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা।অনলাইন গণমাধ্যমের নীতিমালা ও নিবন্ধনসংক্রান্ত বিষয়গুলোতে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন