পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন ফরাসি কোচ এরিক মারে। তাঁর অধীনে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন দুই ফুটবলার।
গত ৯ নভেম্বর ঢাকায় আসার পর থেকেই দল নিয়ে কাজ করছেন মারে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় তিন সপ্তাহের নিবিড় অনুশীলন ক্যাম্প পরিচালনা করেন তিনি। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
২০২৬ এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ১৭ জনকে রেখে ছয়টি জায়গায় পরিবর্তন এনেছেন নতুন কোচ। জাতীয় দলের হয়ে প্রথমবার খেলার অপেক্ষায় রয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে দলে সুযোগ পেয়েছেন হিমি।
এ ছাড়া জাতীয় দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার।চট্টগ্রামে ক্যাম্প শেষ করে গত শুক্রবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে দলটি। এর আগে খুব বেশি সময় পাচ্ছেন না ফরাসি কোচ মারে। তবে স্বল্প সময়ের প্রস্তুতি নিয়েই প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।
সিঙ্গাপুর সফরের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি।
ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী।
ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।
সিঙ্গাপুর সফরে দুটি ম্যাচের মাধ্যমে নতুন কোচের অধীনে নিজেদের প্রস্তুতি ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবে বাংলাদেশ নারী দল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন