এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখায় স্বাগতিক দল।ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান। তাঁদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ পায় দলটি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে সমান ৬৫ বল মোকাবিলা করে ৮১ রান নিয়ে অপরাজিত থাকেন সালমান। তাঁর ইনিংসে ছিল চারটি চার।দুই ওপেনারের ব্যাট থেকে আসে ১৭৭ রান। অতিরিক্ত হিসেবে যোগ হয় আরও ৩১ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে বিনা উইকেটে ২০৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শ্রীলঙ্কার কোনো বোলারই বাংলাদেশের দুই ওপেনারকে আউট করতে পারেননি। পিউমাল ৪ ওভারে ৪২, বিজয়ান্থা ৩ ওভারে ৩১, ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন।
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানেই থামে তাদের ইনিংস।শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি করে উইকেট শিকার করেন। বাকি বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের বড় জুটি গড়তে দেননি।
শেষ পর্যন্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ এবং বোলিংয়ে নিয়ন্ত্রণ ধরে রেখে ৯৫ রানের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন