আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ মোজাম্মেল আলী। এ বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে রয়টার্সে তার বক্তব্য প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের ভেতরেই তাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।রয়টার্সের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান কৃষ্ণ এন দাসের কাছে দেওয়া বক্তব্যে মোজাম্মেল আলী জানান, ২০২৬ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে ইচ্ছুক শেখ হাসিনা। এ জন্য নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মোজাম্মেল আলীর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে পাঠানো হয়েছিল। সে কারণে দেশে ফেরার সময়ও একই ধরনের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। তার যুক্তি, বিজয় দিবসে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।তবে মোজাম্মেল আলী আওয়ামী লীগের আনুষ্ঠানিক মুখপাত্র কি না, তা নিয়ে দলের নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, যুক্তরাজ্যে বসবাস করলেও মোজাম্মেল আলীর সঙ্গে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ রয়েছে। বিভিন্ন প্রশাসনিক বিষয়েও তিনি সমন্বয় করেন বলে উল্লেখ করেন আরাফাত।
আরাফাতের ভাষ্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকায় বিদেশ থেকে কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন। এ পরিস্থিতিতে মোজাম্মেল আলী শেখ হাসিনার বিষয়ে কোনো সংবাদমাধ্যমে বক্তব্য দিলে তা নেত্রীর কাছ থেকে সরাসরি জেনেই দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মোজাম্মেল আলীকে দলের মুখপাত্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, মোজাম্মেল যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন সহসভাপতি। শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছার কথা সম্ভবত প্রথমে তার সঙ্গেই আলোচনা করেছিলেন। এরপর তিনি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। নাদেল আরও বলেন, মোজাম্মেল আলী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও যোগাযোগ রাখেন। তার মাধ্যমে প্রত্যাবর্তনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং পরে তা আওয়ামী লীগের দাপ্তরিক ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।
৭৭ বছর বয়সী সৈয়দ মোজাম্মেল আলী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধন নথি অনুযায়ী, ১৯৪৯ সালের জানুয়ারিতে তার জন্ম। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। তিনি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়।
মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময় সংস্থাটি যুক্তরাজ্য ও ইউরোপীয় পার্লামেন্টে বিভিন্ন সেমিনার ও নীতিগত আলোচনার আয়োজন করত। এসব কার্যক্রম এবং লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা সরকারের নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক ডেইলি ড্যাজলিং ডনের ২৪ নভেম্বরের এক প্রতিবেদনে দাবি করা হয়, আনুষ্ঠানিক পদ না থাকায় আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজ করতে মোজাম্মেল আলীর আগে সমস্যা হতো। দীর্ঘদিনের আনুগত্য ও গোপালগঞ্জের সঙ্গে পারিবারিক শিকড়ের কারণে তাকে এ দায়িত্বে আনার সিদ্ধান্ত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর দেশে ফেরার বিষয়ে এটিই তার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রথম সুনির্দিষ্ট তারিখের ঘোষণা। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তার দেশে ফেরার বিষয়টি ঘিরে আইনি ও রাজনৈতিক জটিলতা রয়েছে। ফলে ১৬ ডিসেম্বরের ঘোষণার বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন