শুরুর ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। দলের কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে তাওহীদ হৃদয়ের প্রতিরোধে প্রথম সেশনটা মোটামুটি ভালোভাবেই শেষ করেছে টাইগাররা।
প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯১ রান।৭৯ বল মোকাবিলা করে নিজের ফিফটি পূর্ণ করেন তানজিদ। তাকে সঙ্গ দিয়ে উইকেটে অবিচল রয়েছেন তাওহীদ হৃদয়। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১০৩ বলে এসেছে ৬৯ রান। তানজিদের অর্ধশতক পূরণের পরপরই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়।এর আগে ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের ওপর চেপে বসে দক্ষিণ আফ্রিকার বোলাররা।
অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্ড করতে গিয়ে ব্যাটের কানায় লাগান তিনি। স্লিপে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেন সহজেই ক্যাচটি তালুবন্দি করেন।এর মধ্য দিয়ে অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হওয়ার বিরল তালিকায় নাম লেখান রবিন। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ওপেনার তিনি। তবে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ওপেনার হিসেবে এমন ঘটনার সাক্ষী হলেন এই ব্যাটার।
রবিনের বিদায়ের পর তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল হক। তাকেও শিকার করেন রাবাদা। এরপর নবম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। তখন বাংলাদেশের স্কোর ছিল মাত্র ২২ রান।তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলার চেষ্টা করেন তানজিদ ও হৃদয়। তাদের জুটিতে আপাতত বিপর্যয় সামাল দিয়েছে দল। তবে দিনের বাকি দুই সেশনে বাংলাদেশের ব্যাটাররা কতটা দৃঢ়তা দেখাতে পারেন, এখন সেদিকেই নজর সমর্থকদের।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন