নারী ক্রিকেটারদের যৌন হয়রানি বন্ধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি, বেতন এবং সন্তান জন্মের পর আবারও মাঠে ফেরার বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করেছে বোর্ড।গত বছর জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলার পর নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবির ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, নারী ক্রিকেটে যেকোনো ধরনের হয়রানির অভিযোগ তদন্ত ও প্রতিকারের জন্য একটি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নাম উল্লেখ করে সেটি বোর্ডের অনুমোদনও নেওয়া হয়েছে। ফলে কোনো নারী হয়রানির শিকার হলে কোথায় এবং কীভাবে অভিযোগ জানাতে হবে, সে বিষয়ে এখন স্পষ্ট ধারণা পাবেন।
তামিম ইকবাল আরও বলেন, জাহানারা আলমের অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি একটি স্বাধীন কমিটি গঠনের পক্ষে ছিলেন। তাঁর মতে, এই কমিটির সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পৃক্ততা থাকা উচিত নয়। নারী ক্রিকেটারদের পরিবারকে নিশ্চিত করতে হবে, মেয়েরা ক্রিকেট খেলতে এসে কোনো ধরনের হয়রানির শিকার হবেন না।
এদিকে নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিসিবি। গর্ভাবস্থায় ছুটি, বেতন এবং সন্তান জন্মের পর পুনরায় ক্রিকেটে ফেরার প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।তামিম ইকবাল জানান, এ নীতিমালা গত ২৮ তারিখে বোর্ডের অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সময়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পরবর্তী সময়ে খেলায় ফেরার বিষয়টি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।বিসিবির এসব উদ্যোগ নারী ক্রিকেটারদের নিরাপত্তা, অধিকার ও পেশাগত ভবিষ্যৎ সুরক্ষায় নতুন কাঠামো তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন