মঙ্গলবার দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষের মধ্যে গাজীপুরা এলাকার একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।
দুপুর ১টা ৫৩ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে পরে বিস্তারিত জানাতে হবে। তবে তখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলএদিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন