গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় একই কায়দায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।বিবৃতিতে তিনি জানান, চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
ড. ইউনূসের ভাষ্য, সাম্প্রতিক সময়ে দেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের জড়িত থাকার কথা বলা হয়েছে।
গ্রামীণ ব্যাংককে দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, ক্ষুদ্রঋণের এই মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য কমানো, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে এসব শাখায় হামলা দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা হচ্ছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকে সীমাবদ্ধ নয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে ছড়ানো প্রচারণারও প্রতিবাদ জানান ড. ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন