দেশের ব্যাংক খাতের ঋণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই শ্রেণিকৃত বা ঝুঁকিপূর্ণ ঋণে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল এর চেয়ে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা কম। অর্থাৎ মাত্র তিন মাসে এই ঋণ বেড়েছে উল্লেখযোগ্য হারে।সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে যা ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ।জুন শেষে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে। এক প্রান্তিকে এই হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। একই সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়ে হয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।
এদিকে সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন শেষে এই অঙ্ক ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।
পরিসংখ্যানে আরও দেখা গেছে, শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বা এসএমএ ঋণের পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
তবে জুনের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। ওই সময় ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। একই সঙ্গে প্রভিশন কভারেজ অনুপাত ৫৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশ।খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ। ঋণ আদায়ের পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন