বিজয় দিবসে আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হবে এর কার্যক্রম। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি সই করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।বিমানমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর থেকে চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে।
টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়েই পরিচালনার শর্তগুলো মেনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, চুক্তির শর্তের কারণে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি। তবে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।
সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীসেবা শুরুর প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। প্রথম পর্যায়ে সীমিতসংখ্যক ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন