জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে। শেখ হাসিনার দেশে ফেরার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ বৈঠকে বসেছেন জোটের নেতারা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকটি শুরু হয়।বৈঠকে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এতে জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শেখ হাসিনার দেশে আসার হুমকিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া পরিস্থিতি বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে এবং এ অবস্থায় জোটের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে নেতারা আলোচনা করছেন।
এ বৈঠক থেকে জোটের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। তবে বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি বা সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি।বৈঠক শেষে গণমাধ্যমের সামনে নিজেদের কর্মসূচি, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং তা মোকাবিলায় জোটের করণীয় তুলে ধরবেন নেতারা। ফলে বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কী ঘোষণা আসে, সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন