রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করে বলেছেন, দেশে আবারও হত্যার রাজনীতি শুরু করেছে তারা। একই সঙ্গে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।রুহুল কবীর রিজভী বলেন, অতীতে ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের শিকার হতে হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের রাজনৈতিক চরিত্রের অংশ। এখন আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা চলছে।
তিনি বলেন, দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে ক্ষমতা ধরে রাখা কিংবা পুনরায় ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব রাজনৈতিক মত ও দলের নেতাকর্মীদের মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গনে কোনো ধরনের একক রাজনৈতিক আধিপত্য থাকা উচিত নয়।পাঠ্যসূচিতে ইতিহাস উপস্থাপনের বিষয়টি তুলে ধরে রিজভী অভিযোগ করেন, অতীতে পাঠ্যবইয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। অন্য রাজনৈতিক নেতাদের অবদান ছোট করে দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও ইতিহাসে খাটো করে উপস্থাপন করা হয়েছিল। প্রকৃত ইতিহাস আড়াল করে শিক্ষার্থীদের সামনে বিকৃত ও মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছে।রিজভীর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠা এবং ইতিহাসের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হলে সব রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান যথাযথভাবে উপস্থাপন করতে হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন