ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি থাকলেও নিলামে বিক্রি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হওয়া প্রথম বাস (কুষ্টিয়া চ-০০১)। দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা বাসটি ক্যাম্পাসে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত তা নিলামে বিক্রি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরোনো তিনটি নন-এসি বাস, বিভিন্ন সাইজের পুরোনো টায়ার-টিউব ও লোহালক্কড় বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে এসব মালামাল বিক্রির তথ্য জানানো হয়।
এর আগে ২০২৪ সালে বাসটি নিলামে বিক্রির সিদ্ধান্তের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হিসেবে প্রধান ফটকের সামনে ভাস্কর্যের আদলে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। এ দাবিতে তারা গণস্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপিও উপাচার্য বরাবর জমা দেন। তবে বাসটি স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হলে এর বিনিময়ে নতুন বাস পাওয়া যাবে না বলে জানিয়েছিলো প্রশাসন।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বাসটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকলেও শিক্ষার্থীদের কাছে একটি আবেগের জিনিস। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আলী বলেন, “আজকে নাকি বিশ্ববিদ্যালয়ের পুরাতন বাসগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সময়কার একটি বাস স্মৃতি হিসেবে রেখে দিতে পারতেন প্রশাসন মহোদয়। এর আগে একবার পুরাতন বাসগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কারণে তা করতে পারেনি। নিলামে তিনটি বাসের ভেতর একটি বাস অন্তত স্মৃতি হিসেবে রাখুক।”
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েসনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন বলেন, 'এই বাসটি ১৯৯৩ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বেগম খালেদা জিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাসটি উপহার দিয়েছিলেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইবিকে দেওয়া এই বাসটিই ছিল বেগম খালেদা জিয়ার প্রথম উপহার। এই স্মৃতিটাকে নিলামের মাধ্যমে বিক্রয় করার খবরটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।'
তিনি আরও বলেন, 'এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ সময় ধরে এই বাসটির সাথে বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর গভীর আবেগ, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ইবির এমন একটি ঐতিহাসিক ও আবেগঘন স্মারক নিলামে বিক্রি করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। ঐতিহ্য রক্ষার স্বার্থে অবিলম্বে উক্ত বাসটির নিলাম প্রক্রিয়া বাতিল করে এটিকে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।'
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, 'শিক্ষার্থীদের এ দাবি সম্পর্কে আমি অবগত নই। তবে বাসগুলো নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে বিক্রি করা হয়েছে। বাস সংকটের বিষয়ে ইউজিসিকে জানানো হলে বাজেট দেওয়া হবে। তবে সেটা এখন না, আগামী বছরের বাজেটের সময় করা হবে।'

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন