ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'স্পিক টু লীড কমিনিউকেশন এক্সিলেন্স উইথ ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানয়তনে সায়েন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সংগটনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী-সহ অন্যরা। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সফট স্কিল ট্রেইনার ও 'নায়ক'-এর সিইও ড. শামীম এইচ নাহিন। অনুষ্ঠানে সংগঠনটির নবীন সদস্যদের বরণ এবং বিদায়ী সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের এগিয়ে রাখবে। মুসলিম সভ্যতার ইতিহাসে আব্বাসীয় শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানচর্চা থেকে মুসলমানদের দূরে সরে যাওয়ার কারণেই ক্রমাবনতি শুরু হয়। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানমেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম। অথচ শিক্ষার্থীদের যথেষ্ট মেধা রয়েছে। সেই মেধাকে কাজে লাগাতে সায়েন্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু বিজ্ঞান অনুষদ নয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরই বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত হওয়া উচিত। গবেষণাগারগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারলে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে ইসলামী বিশ্ববিদ্যালয় ভালো ফলাফল অর্জন করবে।এ সময় তিনি সায়েন্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ ও আয়োজকদের আন্তরিকতার প্রশংসা করে সংগঠনটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন