কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনো হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির শুধু পা দেখা গেছে। ওই ফুটেজের সূত্র ধরে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।
শনিবার, ২৪ অক্টোবর দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান এসব তথ্য জানান।
পুলিশ জানায়, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেন। পরে তিনি অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান।
গুলিতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার সময় আসিফ আকবর ভবনটির তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। গাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
ডিসি ইবনে মিজান জানান, আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার পেছনে কোনো বিরোধ বা অন্য কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন না এবং এ ঘটনায় তাঁর কোনো অভিযোগও নেই বলে জানিয়েছেন। তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন