প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে মার্কিন পাসপোর্টধারী এই অভিনেতাকে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছেন নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর মুম্বাইয়ের বিদেশি নাগরিকদের আঞ্চলিক নথিভুক্তিকরণ দপ্তর—এফআরআরও ইমরানকে এই নির্দেশ দিয়ে নোটিশ জারি করে। ইমরানের কাছে রয়েছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ড। অভিবাসন ও বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান। ওই কর্মসূচির পর তাকে, তার সঙ্গী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জেইন মেরি খানকে সাময়িকভাবে আটক করেছিল মুম্বাই পুলিশ।
পরে পুলিশের গাড়িতে বসে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ইমরান। সেখানে রসিকতা করে তিনি লেখেন, মনে হচ্ছে, গাড়িতে করে ঘুরতে যাচ্ছেন।
তবে প্রতিবাদে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরান বলেছিলেন, তার কোনো ব্যক্তিগত দাবি নেই। একজন নাগরিক এবং এই শহরে বসবাসকারী মানুষ হিসেবে তিনি জানতে চান, কেন মানুষের চলাফেরার স্বাধীনতা সীমিত করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠস্বর দমিয়ে রাখা হচ্ছে।
ভারত ছাড়ার নির্দেশের খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানান নির্মাতা কিরণ রাও। ইমরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে তিনি লেখেন, ৪৩ বছর বয়সী এই অভিনেতা জীবনের ৪০ বছরই ভারতে কাটিয়েছেন। এখানেই তার পড়াশোনা, কাজ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা ও লড়াইয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে।
উল্লেখ্য, কিরণ রাও অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী এবং ইমরান খানের মামি। অন্যদিকে, অভিনেত্রী সাবা আজাদও এই নোটিশের খবরে বিস্ময় প্রকাশ করে একে উদ্ভট বলে মন্তব্য করেছেন।
এদিকে, ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন ইমরান। তার আইনজীবীর দাবি, ওসিআই কার্ডধারীদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া নিষিদ্ধ—এমন নির্দিষ্ট বিধান সংশ্লিষ্ট আইনে নেই। তবে এ বিষয়ে আইনি প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন