জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বিভাগের ২১তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও ‘হেমন্ত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একসময় ষড়ঋতুর দেশ হিসেবে বাংলাদেশের ঋতুভিত্তিক উৎসব ও উদযাপনের সমৃদ্ধ ঐতিহ্য ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে এসব ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ এবং লালন করার লক্ষ্যে হেমন্ত উৎসবের আয়োজন করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মনোজগৎ, জীবনযাত্রা ও মানসিকতার মধ্যেও পরিবর্তন আসে। প্রকৃতির এসব পরিবর্তনকে উপলব্ধি করা আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আজকের আয়োজন গতানুগতিক অনুষ্ঠানের বাইরে একটি ভিন্নধর্মী ও উপভোগ্য আয়োজন।
শিক্ষার্থীদের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, “আমার শিক্ষার্থীদের যেকোনো আয়োজনে আমি তাদের পাশে আছি। শিক্ষার্থীদের আনন্দ আমার আনন্দ, তাদের দুঃখ-কষ্ট আমাকেও ব্যথিত করে।”
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমিত সাম���্থ্য ও নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জগন্নাথ বিশ���ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন। ইতোমধ্যে চলতি বছরে কিউএস (QS) র্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩৮ ধাপ এগিয়েছে, যা আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক চর্চারও বিকাশ ঘটাতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্মুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন