প্রথম ধাপে দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় দেওয়া তথ্যের ভিত্তিতে ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেস তৈরির পরিকল্পনা করছে কমিশন।
রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ছয় বছর বয়স থেকেই এনআইডির তথ্য নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় শিশুদের যে তথ্য নেওয়া হয়, সেগুলো ব্যবহার করে ডেটাবেস তৈরির চিন্তা করছে ইসি।
এদিকে আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। অব্যবহৃত ইভিএমগুলো নিষ্পত্তির জন্য চূড়ান্ত স্টক যাচাই শুরু হয়েছে। কী পদ্ধতিতে এগুলো নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টিতে ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। এবার পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। আগামী ১০ বা ১৩ ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে।
নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা যাচাই করতে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। আইনি জটিলতা, সীমানা বিরোধ, মামলা ও ভোটার তালিকা পুনর্বিন্যাসের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।
দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। ভোটের জন্য ৪৬ হাজার ৩৯৭টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন