‘জ্ঞান, সংস্কার ও ঐক্যের প্রত্যয়ে’ ১৬ বছরের বর্ণাঢ্য পথচলা পূর্ণ করলো সনাতন বিদ্যার্থী সংসদ। সংগঠনটির প্রতিষ্ঠার ষোড়শ বছরপূর্তি ও দীপাবলি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দীপান্বিতায় ষোড়শাব্দ’ ও দীপাবলি ১৪৩৩।রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সনাতন বিদ্যার্থী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।আলো ও আনন্দের উৎসব দীপাবলি অন্ধকার থেকে আলোর পথে, অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে এবং অসত্য থেকে সত্যের পথে উত্তরণের প্রতীক। সেই আলোকিত চেতনা ও আদর্শকে ধারণ করেই ২০১০ সালের পবিত্র দীপান্বিতা তিথিতে প্রতিষ্ঠিত হয় সনাতন বিদ্যার্থী সংসদ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সনাতন ধর্মের শাস্ত্রীয় ও দার্শনিক জ্ঞানের প্রসার, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চা, কুসংস্কার দূরীকরণ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।
পাশাপাশি জাতি-বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার, ধর্মীয় মর্যাদা ও স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি। দীর্ঘ ১৬ বছরের এই পথচলায় ধর্মীয় চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারা।ষোড়শাব্দ পূর্তির এই আয়োজনকে কেন্দ্র করে সারাদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আয়োজকেরা জানান, দীপাবলির আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিকে একসূত্রে গাঁথতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে সনাতন সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের চর্চাকে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গৌরব দাস বলেন, “১৬ বছরের এই পথচলা সংগঠনের জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার। জ্ঞান, সংস্কার ও ঐক্যের মূলমন্ত্রকে ধারণ করে আগামী দিনেও সনাতন বিদ্যার্থী সংসদ একইভাবে এগিয়ে যাবে।” এই যাত্রায় তিনি সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।সাধারণ সম্পাদক তন্ময় হাওলাদার অর্ণ তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, “পবিত্র দীপান্বিতা অমাবস্যার আলোয় সনাতন বিদ্যার্থী সংসদের ষোড়শাব্দের যাত্রা আরও সমৃদ্ধ হোক। জ্ঞান, সংস্কার ও ঐক্যের চেতনাকে ধারণ করে সব বিদ্যার্থীর সম্মিলিত অগ্রযাত্রা অব্যাহত থাকুক।” এ সময় তিনি সবাইকে শ্যামাপূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানান।
এদিকে অনুষ্ঠান সফল করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব সনাতনী সংগঠনকে পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, ষোলো বছরের এই মাইলফলক কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপনেই সীমাবদ্ধ থাকেনি; বরং সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন