প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতোই এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে।
তিনি বলেন, একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও শক্ত জবাব দিতে চায় দেশের জনগণ। এবারের ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র্যালি সেই প্রত্যাশা পূরণের উপলক্ষ হয়ে উঠুক। একই সঙ্গে এই আয়োজন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে প্রতিষ্ঠিত হোক।প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ জীবন দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সমাবেশে উপস্থিত লাখো নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে সমর্থন চেয়ে তারেক রহমান প্রশ্ন করেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা মুহুর্মুহু করতালি দিয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে সমাবেশস্থলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তাঁকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি।পরে তাঁর নেতৃত্বেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ র্যালি। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন ও পল্টন এলাকা।র্যালিকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় ছিল ব্যতিক্রমী আয়োজনও। ঘোড়ার গাড়ি ও হাতিসহ বিশাল মিছিল নিয়ে অংশ নেন নেতা-কর্মীরা। নয়াপল্টনের রাস্তায় ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি পথচারী ও উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিপুলসংখ্যক নেতা-কর্মীর ভিড়ের মধ্যে এসব আয়োজন র্যালিতে বাড়তি আকর্ষণ যোগ করে।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান উঠে আসে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন